মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে ব্যতিক্রমী উদ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি। রক্তদানের প্রয়োজনীয়তা ছড়িয়ে দেওয়া এবং সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিতে সংগঠনটি ৩৮টি টিম নিয়ে দেশব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং অন্যান্য সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।
এ বছর আয়োজিত কার্যক্রম গুলোর মধ্যে ছিল: ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, সচেতনতা মূলক লিফলেট বিতরণ, বৃক্ষরোপণ কার্যক্রম, শীতার্তদের মাঝে কম্বল বিতরণদরিদ্র ও অসহায় মানুষের জন্য খাবার বিতরণ।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত তারা সারা দেশে ২৮৩টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করেছে। এতে কয়েক হাজার মানুষ তাদের রক্তের গ্রুপ জেনে রক্তদানের প্রতি উৎসাহিত হয়েছেন। এছাড়া, সচেতনতা কার্যক্রমের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে রক্তদানের গুরুত্ব সম্পর্কে নতুনভাবে দৃষ্টিভঙ্গি তৈরি করা সম্ভব হয়েছে।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির দায়িত্বশীল জানান, “রক্তদান শুধু একজন মানুষের জীবন রক্ষায় সহায়ক নয়, এটি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমরা চাই, সবাই রক্তদানের গুরুত্ব বুঝুক এবং দেশের জন্য কিছু করার তাগিদ অনুভব করুক।”
সাংগঠনিক দায়িত্বশীলরা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। দেশের প্রতিটি অঞ্চলে তাদের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি প্রতিনিয়ত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। বিজয়ের ৫৩তম বার্ষিকীতে তাদের এই উদ্যোগ সমাজে দেশপ্রেম এবং মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির এমন কার্যক্রম শুধু রক্তদাতাদের নয়, সারা দেশের মানুষের মাঝে সেবার অনুপ্রেরণা জাগিয়েছে। এই সংগঠনের কার্যক্রম প্রমাণ করে, মানবিকতা ও সহমর্মিতার শক্তি আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।






